সিটিজেন প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি বানিয়ে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এতে সহসভাপতি হিসেবে আছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজ।
গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।এতে উল্লেখ করা হয়েছে, সরকারের গৃহীত বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা ও বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে পরিচালিত হবে।
জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, আর সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।
কমিশনের অন্যান্য সদস্যরা হলেন- জনপ্রশাসন সংস্কার কমিশন, প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী; পুলিশ সংস্কার কমিশন, প্রধান সফর রাজ হোসেন; নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, প্রধান ড. বদিউল আলম মজুমদার; বিচার বিভাগ সংস্কার কমিশন, প্রধান বিচারপতি এমদাদুল হক; দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, প্রধান ড. ইফতেখারুজ্জামান।
এই কমিশনের মূল দায়িত্ব হবে সংস্কার কমিশনগুলোর সুপারিশ পর্যালোচনা, প্রয়োজনীয় সংশোধন প্রস্তাব করা এবং অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে তা বাস্তবায়নের রূপরেখা তৈরি করা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কমিশনটি স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করবে, যা দেশের প্রশাসনিক ও আইনি কাঠামোতে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
























