মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩নং বহরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তালিবপুর গ্রামে কথিত ডাকাত সহিদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) রাতে একটি বাড়িতে ডাকাতির চেষ্টা চালালে স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে তালিবপুর গ্রামের একটি বসতবাড়িতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করলে গ্রামবাসী টের পেয়ে তাকে ঘেরাও করে আটক করেন। পরে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে এসআই অনিকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সহিদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে।
তালিবপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাবিব মিয়া বলেন,
“আমরা দীর্ঘদিন ধরে এই সহিদের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলাম। অবশেষে তাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিতে পেরে কিছুটা স্বস্তি পেয়েছি। আমরা চাই তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”
দেওগাঁও গ্রামের বিএনপি নেতা রিপন মিয়া বলেন,
“এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা খুবই জরুরি। পুলিশের এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই।”
দেওগাঁও গ্রামের বিএনপি নেতা ফয়সাল মিয়া বলেন,
“ডাকাতি ও চুরির মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সমাজে অস্থিরতা বাড়বে। আমরা প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।