রুহুল আমিন রুকু , কুড়িগ্রাম:
বগুড়ার মোকামতলা-রংপুর মহাসড়কে দ্রুতগতির ট্রাকের চাপায় রফিকুল ইসলাম (৩৫) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে মোকামতলা বন্দরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া গ্রামের কফিল উদ্দিন সরকারের ছেলে। তিনি নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) সদস্য ছিলেন।
জানা গেছে, ছুটিতে সহকর্মীর সঙ্গে বাড়ি ফিরছিলেন রফিকুল। মোকামতলা বন্দরে বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. রইচ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















