সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে ক্রয় করা জমি জোরপূর্বক দখল করে বেড়া দেওয়ার পাশাপাশি হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শামীমা খাতুন (৬৬)। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার মুকুন্দগাতী পৌরসভা অফিস সংলগ্ন নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
সংবাদ সম্মেলনে শামীমা খাতুন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তিনি মুকুন্দগাতী এলাকায় নিজের ক্রয় করা জমিতে বসবাস ও ভোগদখল করে আসছেন। জমিটির বৈধ দলিল ও নামজারি রয়েছে। কিন্তু প্রতিবেশী মোঃ হাফিজুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি জমিটির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে তাঁর কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জমিতে স্থাপনা নির্মাণে বাধা দেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, গত ২৮ অক্টোবর সকাল ৬টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা সাবল, হাতুড়ি, খন্তা ও বাঁশ নিয়ে দলবদ্ধভাবে তাঁর জমিতে প্রবেশ করেন। পরে জোরপূর্বক জমি দখল করে বেড়া দিয়ে দেন। এ সময় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। তিনি বাম হাত দিয়ে আঘাত প্রতিহত করলে হাতে গুরুতর জখম হন। তাঁকে রক্ষা করতে এগিয়ে আসা তাঁর ভাগিনাকেও লোহার সাবল দিয়ে আঘাত করে আহত করা হয়। পরে অভিযুক্তরা তাঁদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করেন তিনি।
শামীমা খাতুন জানান, মুকুন্দগাতী মৌজার আরএস ৯০৯ দাগে মোট ১৩ শতক জমি তিনি ১৯৮৬ সালের দুটি দলিলের মাধ্যমে নিজের ও মেয়ের নামে ক্রয় করেন। পরবর্তীতে মেয়ের অংশটুকুও ২০০২ সালে দলিলমূলে নিজের নামে হস্তান্তর নেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণের কারণে ২ শতক জমি বাদে অবশিষ্ট ১১ শতক জমি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। নিয়মিত ভূমি উন্নয়ন করও পরিশোধ করছেন বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় তিনি বেলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মোঃ হাফিজুল ইসলামসহ সাতজনের নাম উল্লেখ করেছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শামীমা খাতুনের বড় মেয়ে সোনিয়া বেগম, পালিত মেয়ে সুমাইয়া খাতুন আয়েশা, বড় মেয়ের জামাতা মোঃ সুজন বেপারী, ভাই মোঃ রেজাউল করিমসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শামীমা খাতুন তাঁর ক্রয়কৃত জমির সীমানা রক্ষা, জোরপূর্বক দখল ও বেড়া অপসারণ এবং হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
তবে অভিযুক্ত মোঃ হাফিজুল ইসলাম ও অন্যদের বক্তব্য এ বিষয়ে পাওয়া যায়নি।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















