গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অপতৎপরতা দেখা যাচ্ছে। তবে অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো নিরপরাধ মানুষকে হয়রানি করতে চায় না বর্তমান বিএনপি সরকার।
তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও যথাযথ তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না। একই সঙ্গে এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
এ ছাড়াও, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিষয়ে বিএনপির কোনো নেতাকর্মীর সুপারিশ আমলে না নিতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
আজ ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো বক্তব্য দেন।
সভায় অনলাইনে যুক্ত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিনা খান এবং মাহমুদা আলম মিতু।
সভায় সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধ, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদক ও দুর্নীতি দমনে করণীয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া দপদপিয়া এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা এবং সড়কে সৌরবিদ্যুৎ চালিত সড়কবাতি স্থাপনের বিষয়েও আলোচনা করা হয়।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, নলছিটি ও কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল মন্টু, জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















