নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। কারও দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন রয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর রাজারবাগস্থ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) যান।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের শয্যাপাশে যান, তাদের সঙ্গে কথা বলেন ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
তিনি আহতদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
মন্ত্রী আহত সদস্যদের সাহস জোগান, তাদের দায়িত্ববোধের প্রশংসা করেন ও ঘোষণা দেন যে তাদের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও আইজিপি মো. আলী হোসেন ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক সহিংসতায় আহত আট পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী আহত পুলিশ সদস্যদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















