নিজস্ব প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সম্ভাব্য নৈরাজ্য, জ্বালাও-পোড়াও এবং অগ্নিসন্ত্রাস প্রতিহত করতে রাজধানীর উত্তরা জুড়ে রাজপথে সতর্ক অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে দেশব্যাপী নাশকতার পরিকল্পনার অভিযোগে উত্তরা বিভাগের পুলিশ সদস্যরা ইতিমধ্যে এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রেখেছেন। নাশকতা এড়াতে পুলিশ সদস্যরা বিমানবন্দর মহাসড়কসহ তুরাগ দিয়াবাড়ী এলাকায় দফায় দফায় সন্দেহবাজন যানবাহনে তল্লাশি চালাচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সকাল থেকেই উত্তরার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সরেজমিনে দেখা যায়, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীরের নির্দেশনায় স্থানীয় নেতাকর্মীরা পুরো উত্তরা এলাকায় অবস্থান নিয়েছেন। উত্তরখান মাজার চৌরাস্তা, উত্তরা ৬ নম্বর সেক্টর, হাউজ বিল্ডিং, বিমানবন্দর গোলচত্বর, আব্দুল্লাহপুর চৌরাস্তা, জমজম টাওয়ার, খালপাড়, দলিপাড়া রাজউক মার্কেট এবং দিয়াবাড়ীসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় তাদের তৎপর থাকতে দেখা যায়।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, দেশের চলমান গণতান্ত্রিক পরিবেশ ও অর্থনীতিকে অস্থিতিশীল করতে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে আওয়ামী লীগ দেশের বাইরে থেকে ষড়যন্ত্র ও অগ্নিসংযোগের অপচেষ্টা চালাচ্ছে। তারা উল্লেখ করেন, এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা রুখতে দলীয় নেতাকর্মীরা দিবারাত্রি সতর্ক পাহারা দিচ্ছেন।
সড়কে অবস্থানরত নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্টের কোনো পরিকল্পনা বা নাশকতার চেষ্টা দেখা গেলে সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করা হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং গণতন্ত্র রক্ষায় যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন বলেও কর্মসূচি থেকে জানানো হয়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















