জ্যেষ্ঠ প্রতিবেদক: কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ৬৪তম কনফারেন্স শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) উগান্ডার রাজধানী কাম্পালায় উগান্ডা পার্লামেন্ট ও সিপিএ উগান্ডা ব্রাঞ্চ আয়োজিত ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট ইউওয়েরি মুসেভেনি।
অনুষ্ঠানে সিপিসি প্রেসিডেন্ট ও উগান্ডা পার্লামেন্টের স্পিকার মিজ রেবেকা কাদাগা এবং সিপিএ প্রেসিডেন্ট ও ক্যামেরুনের ডেপুটি স্পিকার অ্যামেলিয়া লিফাকা বক্তব্য রাখেন।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
৬৪তম সিপিসির প্রতিপাদ্য ‘দ্রুত পরিবর্তনশীল কমনওয়েলথে সংসদের অভিযোজন, অংশগ্রহণ ও ক্রমবিকাশ’।
কনফারেন্সে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা হলেন, হুইপ ইকবালুর রহিম, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, মো. আবু জাহির, মোহাম্মাদ নজরুল ইসলাম ও শিরীন আহমেদ এমপি।
বর্ণাঢ্য উদ্বোধনের শুরুতে কনফারেন্সে অংশগ্রহণকারী দেশসমূহের সংসদীয় প্রতিনিধি দলের প্রধানদের উগান্ডার নিজস্ব সংস্কৃতির রেওয়াজ অনুসারে অভ্যর্থনা জানানো হয়।
উল্লেখ্য, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) কমনওয়েলথ পার্লামেন্টসমূহের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন। ১৯১১ সালে প্রতিষ্ঠিত এ সংগঠন সংসদীয় গণতন্ত্রকে সুসংহত ও সমুন্নত করার লক্ষ্যে কাজ করছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24