চট্টগ্রাম প্রতিনিধি: চুরির ঘটনায় বসা স্থানীয় সালিশে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরিফ দোভাষ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন খুইদ্দারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় পারভেজ (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে বলে তিনি জানান। নিহত আরিফ দোভাষ খুইদ্দারটেক এলাকার আহমদ হোসেনের ছেলে।
মো. ইসমাইল হোসেন বলেন, 'আরিফ দোভাষের চাচাতো ভাই ওয়াহিদের ঘরে চুরি হয়। এ ঘটনায় স্থানীয়ভাবে সকালে সালিশে বসেছিল। সালিশে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কাউসারসহ কয়েকজন আরিফকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।'
তিনি আরও বলেন, 'আমরা আসামি ধরতে গেলে স্থানীয়রা বাধা দেয়। পরে র্যাব সদস্যদের সহায়তায় পারভেজ নামে একজনকে আটক করা হয়েছে। তবে ঘটনার পর থেকে মূল অভিযুক্ত কাউসার পলাতক থাকায় তাকে আটক করা যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে।'
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24