আন্তর্জাতিক ডেস্ক : বলিভিয়ান স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো নাভাহাস গ্রেফতার হয়েছেন। করোনাভাইরাস মহামারির মধ্যে ১৭০টি ভেন্টিলেটর কেনায় অনিয়মের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বুধবার বলিভিয়ান বিশেষ বাহিনীর প্রধান কর্নেল ইভান রোহাসের উদ্ধৃতি দিয়ে এ খবর জানায় যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।
বলিভিয়ান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জিনাইন আনেজ টুইটারে লিখেছেন, একটি স্প্যানিশ কোম্পানির কাছ থেকে ১৭০টি ভেন্টিলেটর কিনতে ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে পাওয়া তহবিলের ২০ লাখ ডলার খরচ করা হয়েছে।
অনিয়মের অভিযোগে নাভাহাস ও আরো কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী এখনো কোনো অভিযোগপত্র দেয়নি বলে জানান রোহাস। গ্রেফতার হওয়ার পরপরই স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নাভাহাসকে।
ভেন্টিলেটর কেনায় দুর্নীতির পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছে আনেজ। স্বাস্থ্যমন্ত্রীর গ্রেফতারের কয়েক ঘণ্টা পর তার টুইট, ‘আমরা তদন্ত চালিয়ে যাবো, অপরাধী কে তা নিয়ে ভাববো না।’ ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সম্ভাব্য অনিয়ম নিয়ে তদন্ত শুরু করেছে।
বলিভিয়ায় করোনা আক্রান্তের মোট সংখ্যা ৪ হাজার ৯১৯ জন এবং মৃত্যু হয়েছে ১৯৯ জনের।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24