জ্যেষ্ঠ প্রতিবেদক:পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া অ্যসোসিয়েটেড অক্সিজেনের প্রাথমিক গণ-প্রস্তাবের (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
কোম্পানির আইপিওর আবেদন আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এ আবেদন গ্রহণ চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
তথ্য মতে, অ্যসোসিয়েটেড অক্সিজেন গত বৃহস্পতিবার (৬ আগস্ট) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে কনসেন্ট লেটার পেয়েছে। এরপরই কোম্পানিটির আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়।
এর আগে বিএসইসির ৭৩২তম কমিশন সভায় অ্যসোসিয়েটেড অক্সিজেনের আইপিও অনুমোদন দেয়া হয়।
কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা পুঁজিবাজার থেকে সংগ্রহ করবে। সংগ্রহীত অর্থ দিয়ে কোম্পানিটি মজুদ ছাউনি, প্লান্ট সেড নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচ পরিচালনা করা হবে।
অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৭.৩৭ টাকা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24