নিউজ ডেস্ক: নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ সংশোধনের লক্ষ্যে তা সোমবার (১২ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখতে এ আইনটি মন্ত্রিসভায় তোলা হচ্ছে।
এ বিষয়ে রোববার (১১ অক্টোবর) আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত আইনের খসড়া মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।’
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। দেশে সম্প্রতি কয়েকটি ধর্ষণের ঘটনার পর ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলন করছেন। এ কারণে সরকার ধর্ষণের শাস্তি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা সম্প্রতি বলেছেন, ‘ধর্ষণ প্রতিরোধ ও প্রতিকারে সরকার তৎপর। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই হবে।’
আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় পরিবর্তন আনা হবে। এ ধারায় ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া, আইনের আরো কয়েকটি ধারায় ছোট ছোট পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। মন্ত্রিসভায় আইনটি সংশোধনের প্রস্তাব অনুমোদন পেলে তা জাতীয় সংসদে পাস করা হবে।’
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24