আদালত প্রতিবেদক: খুলনায় রাশেদুল ইসলাম গাজী (১৭) নামে এক ভ্যানচালক হত্যা মামলায় ৩ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ আদেশ দেন। আসামিরা হলেন- রবিউল ইসলাম,বনি আমিন শেখ ও মো শহিদুল ইসলাম। তিনজনই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
একই সঙ্গে হত্যার পর লাশ গুম করার চেষ্টার কারণে আসামিদের প্রত্যেককে ২০১ ধারায় সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়। একইসঙ্গে হত্যাকাণ্ডে যুক্ত থাকায় ৩০২ ধারায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
রাষ্ট্রপক্ষে পিপি এনামুল হক এবং আসামি পক্ষে গাজী রাজু আহমেদ ও মঞ্জিল হোসেন মামলাটি পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৯ আগস্ট রাশেদুল ইসলাম গাজী বটিয়াঘাটার জয়পুর গ্রামের নিজ বাসা থেকে বের হয়ে যান। এরপর তিনি আর ফেরেননি। পরদিন ২০ আগস্ট সকালে পুলিশ আমির হামজার বাগানের পাশ থেকে তার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে। এরপর রাশিদুলের বাবা হালিম গাজি বাদী হয়ে বটিয়াঘাটা থানা অজ্ঞাতদের নামে হত্যা মামলা দায়ের করেন। ২১ আগস্ট সকালে পুলিশ রাশেদুলের মাথা উদ্ধার করে।
এ মামলার তদন্ত শেষে পুলিশ চলতি বছরের ১৪ জানুয়ারি তিনজনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। শুনানি শেষে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24