বাগেরহাটের মোংলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় ২১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন নয়ন নামে আরো এক জেলে।
মঙ্গলবার রাতে ওই ২১ জেলেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ নয়ন ভোলা জেলার মনপুরা এলাকার বাসিন্দা।
বুধবার বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান।
তিনি বলেন, ১৮ সেপ্টেম্বর ভোলার মনপুরা থেকে মাছ ধরার উদ্দেশে ‘এফবি আশরাফুল ইসলাম’ নামে একটি ইঞ্জিনচালিত ট্রলারে বঙ্গোপসাগরে রওনা দেয় ২২ জেলে। ৫ অক্টোবর বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় পৌঁছলে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ট্রলারটি ভাসতে ভাসতে মোংলা ফেয়ারওয়ে বয়া এলাকায় পৌঁছায়।
তিনি আরো বলেন, গত সোমবার ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে ট্রলারটি ডুবে যায়। পরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সহায়তায় মার্চেন্ট শিপ এমভি ভেগা স্টেটিন্ডের মাধ্যমে ২১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিখোঁজ নয়নকে উদ্ধারে কাজ করছে কোস্টগার্ডের অনুসন্ধান ও উদ্ধারকারী দল।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24