নারায়ণগঞ্জে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মধ্যরাতে জেলা সদরের কদমতলা এলাকায় শারমিন জুট বেলার্সের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, রাত আড়াইটায় দিকে সামনের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গুদামের চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া, বিসিক ও হাজীগঞ্জ স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর (২৮ অক্টোবর) ভোর ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনে গুদামটির বেশ কয়েকটি মেশিনপত্রসহ বিপুল পরিমাণ মজুতকৃত পাট পুড়ে যায়।
ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল হালিম জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24