গায়ানায় ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার একটি স্কুলের ছাত্রাবাসে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার দেশটির কর্মকর্তারা অগ্নিকাণ্ডের বিষয়টি জানিয়েছেন ।
দেশটির সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার রাতে মধ্যাঞ্চলীয় মাহদিয়া শহরের একটি স্কুলের ছাত্রাবাসে আগুনে ২০ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ইরফান আলী স্কুলে অগ্নিকাণ্ডের এই ঘটনাকে ‘বড় বিপর্যয়’ বলে অভিহিত করেছেন।
গায়ানার মধ্যাঞ্চলের মাহদিয়া মাধ্যমিক স্কুলের ছাত্রাবাসে রোববার রাতে আগুন ছড়িয়ে পড়ে। তবে সেখানে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
প্রেসিডেন্ট ইরফান আলী বলেছেন, আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য তিনি রাজধানী জর্জটাউনের দুটি হাসপাতালকে নির্দেশ দিয়েছেন। যাতে সেখানে শিশুরা সবচেয়ে ভালো চিকিৎসাসেবা পায় সেখানে।
ওই অঞ্চলটি ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে। যে কারণে জর্জটাউন থেকে প্রায় ১২৪ মাইল দক্ষিণের মাহদিয়াতে বেসরকারি ও সামরিক বিমান পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সূত্র: সিএনএন
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24