সিটিজেননিউজ ডেস্কঃ সোমালি জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ২৩ নাবিকসহ দেশের জলসীমায় প্রবেশ করেছে। জাহাজটি আজ সোমবার সন্ধ্যার দিকে কুতুবদিয়া পৌঁছাবে বলে জানা গেছে।
জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রবিবার বিকেল ৩টা ৫০ মিনিটে জাহাজটি কুতুবদিয়া থেকে প্রায় ৩৫০ নটিক্যাল মাইল দূরে ছিল। জাহাজটি যে গতিতে চলছে তাতে সন্ধ্যা বা রাতের মধ্যে কুতুবদিয়ায় পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জাহাজের চতুর্থ প্রকৌশলী তানভীর আহমেদ জানান, জাহাজটি এখন দেশের উপকূলের কাছাকাছি রয়েছে। সবাই বাড়িতে পৌঁছে আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান, কুতুবদিয়ায় কিছু চুনাপাথর আনলোড করে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হবে জাহাজটি। সোমবার সন্ধ্যা নাগাদ ২৩ নাবিক নিয়ে জাহাজটি কুতুবদিয়াতে পৌঁছার কথা রয়েছে।
সেখানে জাহাজে থাকা চুনাপাথর খালাসের জন্য দুইদিন অবস্থান করবে। এরপর জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের উদ্দেশে রওনা দেবে। সেখানে বাকি মালামাল খালাস করা হবে।’
তিনি আরো বলেন, ‘জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে তাদের গণমাধ্যমের মুখোমুখি করা হবে।
তারা সাংবাদিকদের সঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। আমরা এবং নাবিকদের পরিবার তাদের রিসিভ করবো।
প্রসঙ্গত, গত ১২ মার্চ সোমালিয়ার জলদস্যুরা ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ এমভি আব্দুল্লাহ জাহাজকে জিম্মি করে। অনেক দেন-দরবারের পর বড় অঙ্কের মুক্তিপণ নিয়ে দস্যুরা ১৪ এপ্রিল জাহাজটি ছেড়ে দেয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24