সিটিজেন প্রতিবেদকঃ ৫ আগস্ট পরবর্তী সময়ে সরকার বদলের প্রেক্ষাপটে অনেক শীর্ষ সন্ত্রাসী জেল থেকে ছাড়া পাওয়ায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, তারা আমাদের নজরদারিতে আছেন।
তিনি বলেন, কারামুক্ত সন্ত্রাসীরা নতুন করে অপরাধে যুক্ত হলে তাদের বিরুদ্ধে নতুন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে ‘ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৪’-এর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এক প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর সম্প্রতি বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী কারামুক্ত হয়েছে। তাদের বিষয়ে সার্বিক খোঁজ খবর রাখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নতুন করে কোনো অপরাধে সম্পৃক্ত হচ্ছে কি না সে বিষয়ে সার্বিক নজরদারি রয়েছে। এমন কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে।
ডিএমপি কমিশনার বলেন, এখনো যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মাদক, সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে। জেনেভা ক্যাম্প অভিযানে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে এবং অপরাধী গ্রেফতার হয়েছে। রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24