ক্রীড়া ডেস্ক: পয়েন্ট পেলেই ইতিহাস— এমন সমীকরণ নিয়ে খেলতে নামল উজবেকিস্তান। সংযুক্ত আরব আমিরাতের আক্রমণের ঝাপটা সামলে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করে ফেলল তারা। প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে ঠাঁই পাওয়ার অনির্বচনীয় আনন্দে মাতল দলটি।
বৃহস্পতিবার এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে গোলশূন্য ড্র করে ‘এ’ গ্রুপের শীর্ষ দুইয়ের মধ্যে জায়গা নিশ্চিত করে উজবেকিস্তান। ৯ ম্যাচ শেষে ৫ জয় ও ৩ ড্রয়ে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছিল ইরান।
‘বি’ গ্রুপ থেকেও নিশ্চিত হয়েছে আরও দুটি দলের বিশ্বকাপ যাত্রা। এ দিন ইরাককে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। এই নিয়ে টানা ১১ বার বিশ্বকাপের মূল পর্বে খেলবে ২০০২ সালের সেমি-ফাইনালে পৌঁছানো দলটি। একই গ্রুপ থেকে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা পেয়েছে জর্ডান।
উজবেকিস্তান দলের বর্তমান শক্তির অন্যতম প্রতীক ডিফেন্ডার আবদুলকাদির খুসানভ, যিনি চলতি বছরের জানুয়ারিতে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন। আর দলের অধিনায়ক এলডোর শোমুরোদভ ইতালির বিখ্যাত ক্লাব এএস রোমার হয়ে খেলছেন।
দলের কোচ হিসেবে আছেন উজবেকিস্তানের সাবেক মিডফিল্ডার টিমুর কাপাদজে। জাতীয় দলের জার্সিতে ১১৯টি ম্যাচ খেলা এই অভিজ্ঞ ফুটবলার এবার গড়েছেন নতুন ইতিহাস।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24