নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভূমিকম্পে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহত মানুষদের সুস্থতায় পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেছেন।
তারেক রহমান আজ শুক্রবার তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে বলেন, ‘আজ ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে রাজধানী ঢাকার বিভিন্ন উঁচুতল ভবনসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ছয়জনের প্রাণহানি ও দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।
বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজ বাংলাদেশে প্রবল ভূমিকম্পে মানুষের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাভিভূত। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমি ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সংহতি ও সহানুভূতি প্রকাশ করছি। আমি মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করছি, তিনি যেন ভূমিকম্পে হতাহতদের পরিবারবর্গকে শোক ও কষ্ট সহ্য করার ক্ষমতা দান করেন।
সরকার পূর্ব থেকেই সতর্ক থাকলে দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতি ঘটানোসহ মানুষকে সুরক্ষিত রাখা ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ নানা প্রাকৃতিক বিপদসংকুল দুর্যোগ মোকাবিলা করে সবসময় সামনের দিকে এগিয়ে গেছে। আজকের ভূমিকম্পেও দেশের মানুষ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রয়েছে।
বিবৃতিতে তিনি ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহত মানুষদের আশু সুস্থতা কামনা করেন।’
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24