নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জায়মা রহমান।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইএসএস) সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
পলিসি মেকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়ে জাইমা রহমান বলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যন্ত একটি সুসংহত নেতৃত্বের পাইপলাইন তৈরি ও ধরে রাখতে না পারলে যোগ্য নারী নেতৃত্ব গড়ে তোলা সম্ভব নয়। ধারাবাহিকতা না থাকলে নারীদের জন্য সুযোগ-সুবিধাও নিশ্চিত করা যায় না।
তিনি বলেন, রাজনীতি ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা না থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়াও কঠিন হয়ে পড়ে।
তালগাছের ছায়ার উদাহরণ টেনে জাইমা রহমান বলেন, একজন অভিজ্ঞ মানুষের সহায়তা ছাড়া নতুন নেতৃত্ব বড় হয়ে ওঠা সম্ভব নয়। পুরুষদের জন্য রাজনীতিতে অনেক ধরনের সুযোগ থাকলেও নারীরা এখনো সেভাবে তা পান না।
নারীদের রাজনৈতিক সংযোগ ও নেটওয়ার্ক গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সব পুরুষ রাজনীতিবিদদের দায় নেই—তবে নারীদের নিজেদের সংযোগ তৈরি করাও জরুরি।
অর্থনৈতিক বিষয়টি রাজনীতিতে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে জাইমা রহমান বলেন, আর্থিক বৈষম্য দূর করতে নারী নেত্রীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। এতে রাজনীতিতে নারীদের অংশগ্রহণে যে প্রতিবন্ধকতা রয়েছে, তা অনেকটাই কমে আসবে।
তরুণদের মেধা কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি ভিন্নধর্মী ও নতুন বাংলাদেশ গড়তে হলে চিন্তার পরিবর্তন আনতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকেই নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24