
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান প্রতিবেদক (বাংলা) দিদারুল আলমের মা মরহুমা আছিয়া বেগমের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে কুলখানির আয়োজন করা হয়।
কুলখানি উপলক্ষে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ এবং মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আলেম-ওলামা, সমাজের বিশিষ্টজন, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যক্ষ সালাউদ্দিন, কুমিল্লা-৫ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ড. মোবারক হোসেন, ময়নামতি উপজেলা বাস্তবায়ন আন্দোলনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মুনতাকিম, বিএনপি নেতা দানিউল হক, আবদে হোসেন বাদল, ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালন হায়দার, জামায়াত নেতা কবির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে গত মঙ্গলবার (৩ মার্চ) রাত ৯টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতির শাহদৌলতপুর গ্রামের নিজ বাড়ি মৈশান বাড়িতে আছিয়া বেগম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
পরদিন বুধবার (৪ মার্চ) বিকেল ৩টায় ময়নামতির শাহদৌলতপুর আলী আহাম্মদ মৈশান মডার্ন স্কুল মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমা আছিয়া বেগম পাঁচ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী আলী আহাম্মদ মৈশান ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। তিনি এক সময় ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভার সদস্য ছিলেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24