কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার সদর দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে ৯৬ ক্যান বিয়ার ও ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। রোববার (১৫ মার্চ) রাতে সদর দক্ষিণ মডেল থানার জগপুর দক্ষিণপাড়া এলাকায় র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. জসিম (৪০)। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেল থানার যাত্রাপুর গ্রামের মো. আবুল হাসেমের ছেলে। অভিযানের সময় তার হেফাজত থেকে ৯৬ ক্যান বিয়ার ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিয়ার ও গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।
র্যাব-১১ জানায়, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব-১১ সূত্রে আরও জানা যায়, গত ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে মোট ৩৮২ জন চাঞ্চল্যকর অপরাধী গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ৩ জন শীর্ষ সন্ত্রাসী, ১৫ জন আরসা সদস্য, ২ জন জঙ্গি, হত্যা মামলার ২০৬ জন ও ধর্ষণ মামলার ১২০ জন আসামি রয়েছে। এছাড়া অস্ত্র সংক্রান্ত মামলায় ৫৪ জনকে গ্রেফতার করে ১৭৫টি অস্ত্র ও ১ হাজার ৫১৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
একই সময়ে ৬০৯ জনের বেশি মাদক কারবারিকে গ্রেফতার করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়া ১০৫ জন অপহরণকারীকে গ্রেফতার করে ১২০ জন ভিকটিম উদ্ধার করা হয়। র্যাবের অভিযানে ছিনতাইকারী ও ডাকাত ১৩২ জন, জেল পলাতক ৪০ জন এবং প্রতারণা মামলার ১৮ জনসহ মোট প্রায় ৭৮২ জন অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে বলে জানানো হয়।
র্যাব-১১ জানায়, মাদক ও অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24