বাংলাদেশ পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) শীর্ষ পদে বদলি বা পদায়ন করা হয়েছে।
এর মধ্যে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ও উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার আট কর্মকর্তা রয়েছেন।
আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আহসান হাবীব পলাশকে র্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বর্তমান র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।
অপরদিকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে অতিরিক্ত আইজিপি হিসেবে সিআইডি, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. ছিগবাত উল্লাহকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত আইজিপি, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি এপিবিএনে, ডিএমপির অতিরিক্ত কমিশনার হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার, পুলিশের বিশেষ শাখার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. আশরাফুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24