মীর ইমরান মাহমুদ, উপজেলা প্রতিনিধি :
বেতনা নদীর তীব্র ভাঙনের কবলে পড়েছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ও সর্ববৃহৎ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত প্রায় ২শ বছরের পুরাতন বুধহাটা বাজার। নদীর প্রবল স্রোতের তোড়ে বাজার সংলগ্ন পূর্ব-দক্ষিণ ও উত্তর-পশ্চিম পাশের বেড়িবাঁধ ধসে পড়ছে। ফলে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি রয়েছে মারাত্মক ঝুঁকির মধ্যে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, অপরিকল্পিত নদী খনন ও অব্যবস্থাপনার কারণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। নদীর বাহাদুরপুর অংশে দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে থাকলেও সেখানে খনন না করে ভাঙ্গনকবলিত পাড়ের (বুধহাটা বাজার এলাকা) দিকেই খনন কাজ করা হয়েছে। ফলে স্রোতের গতিপথ সরাসরি বাজারের দিকে চলে এসেছে। গত কয়েকদিনেই প্রায় ১৫ থেকে ২০ হাত বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে।
এদিকে ভাঙ্গনকবলিত এলাকায় নৌযান চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি একটি খেয়া নৌকা ঘাটে ভিড়তে গেলে হঠাৎ বড় অংশের পাড় ধসে পড়ে, এতে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। পরে স্থানীয়দের দ্রুত সহযোগিতায় শিশুসহ সবাইকে উদ্ধার করা সম্ভব হলেও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, শুধু বালুর বস্তা ফেলে এই বাজার রক্ষা করা সম্ভব নয়। দ্রুত নদীর অন্য পাড়ে জমে থাকা পলি অপসারণ করে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে এবং স্রোতের দিক পরিবর্তনের ব্যবস্থা নিতে হবে। অন্যথায় শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী পরিচালক আব্দুর রহমান তাসকিয়া বলেন, নদী খননের ফলে তুলা মাটি ভেঙে পড়ার আশঙ্কা থাকে। সেখানে যদি আমাদের কোনো বেড়িবাঁধ থাকে, তাহলে বিষয়টি আমরা দেখব।
বুধহাটা বাজার নদীভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে; এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খাসজমি রক্ষা করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না।
ভাঙ্গন রক্ষায় কাজ না করার অজুহাত দেখিয়ে নির্বাহী পরিচালকের বক্তব্যের প্রেক্ষিতে সচেতন ব্যক্তিবর্গ জানান, পাউবোর মূল বাঁধ কয়েক যুগ আগে থেকে নদীতে গিলতে থাকে। বর্তমান চিত্র এমন যে, মূল পুরোনো বাঁধ পুরোনো নদী পাড়ি দিয়ে অন্য পাড়-বাহাদুরপুর অংশে গিয়ে উঠেছে। এখন যে বাঁধ বুধহাটা পাড়ে রয়েছে তা নতুন করে ক্রমে পিছিয়ে নদীর কূল থেকে সরে বাজারের মধ্যে পৌঁছেছে।
বুধহাটা বাজারের ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিরা জানান, এখনি নদীর ভাঙন রক্ষা না করলে পুরো বাজার ও জনবসতি নদীগর্ভে বিলীন হতে বেশী সময় লাগবে না।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24