টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ১১৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে টেকনাফ থানার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজার এলাকায় যৌথ অভিযান চালানো হয়।
অভিযানকালে ওই এলাকায় দুটি গুদাম তল্লাশি করে প্রায় ১১৮ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৬০ লাখ মিটার অবৈধ চরঘেরা জাল, ৪০ লাখ মিটার কারেন্ট জাল এবং ২০টি বেহুন্দি জাল জব্দ করা হয়।
এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দ করা জালসমূহ টেকনাফ উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24