লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত থাকায় যুদ্ধবিরতি অনিশ্চিত হলেও ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। তবে, তেহরানের অংশগ্রহণ এখনো অনিশ্চিত।
ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা জানান, আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরাইল ও লেবাননের মধ্যে আলোচনা হবে। ইসরাইলের বোমা হামলা দুই সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি ভেস্তে দিতে পারে— এমন আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইসলামাবাদ উচ্চ পর্যায়ের এই আলোচনার প্রস্তুতি গ্রহণ করছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আলোচনায় ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ও কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্য অব্যাহতসহ বেশ কিছু স্পর্শকাতর বিষয় উঠে আসবে।
ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রতিনিধিদলের আয়োজক প্রধান বিলাসবহুল হোটেলটি থেকে স্বাভাবিক বিত্তশালী অতিথিদের সরিয়ে দিয়েছে। ইরান ইঙ্গিত দিয়েছে যে, লেবাননের ওপর ইসরাইলি হামলা বন্ধের ওপর তাদের অংশগ্রহণ নির্ভর করতে পারে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘যুদ্ধ সমাপ্তের আলোচনা নির্ভর করছে যুক্তরাষ্ট্র সব ক্ষেত্রে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মেনে চলার ওপর, বিশেষ করে লেবাননে।’
তিনি আরো বলেন, ‘ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত হলে প্রতিনিধি দলের গঠনও ঘোষণা করা হবে।’
তবে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের বরাতে জানা গেছে, ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনী যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে।
তারা জানায়, ‘যুদ্ধবিরতির সময় এখন পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী কোনো দেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি।’
পাকিস্তান বলেছে, যুদ্ধবিরতির আওতায় লেবাননও রয়েছে। যুক্তরাষ্ট্রও বৈরুতকে সমান্তরাল আলোচনায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে।
একজন মার্কিন কর্মকর্তা বলেন, ‘ইসরাইল ও লেবাননের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনা নিয়ে আগামী সপ্তাহে বৈঠক হবে।’
ইসরাইল বা লেবানন সরকার এখনো প্রকাশ্যে আলোচনার বিষয়টি নিশ্চিত করেনি। তবে ইরান-সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্র করার লক্ষ্যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার মন্ত্রীদের লেবাননের সঙ্গে সরাসরি সংলাপ শুরু করার নির্দেশ দেন।
লেবাননের একজন কর্মকর্তা এএফপি-কে জানান, ইসরাইলের সঙ্গে আলোচনায় বসার আগে যুদ্ধবিরতি প্রয়োজন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24