রাজধানীর লালবাগের প্রয়াত বিএনপি নেতা আনোয়ার হোসেন মাহবুবের অসুস্থ স্ত্রী পাপিয়া আক্তার রিনার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার সন্ধ্যায় আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন পাপিয়া আক্তারকে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মু. আমান উল্লাহ।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তিনি জানান, লালবাগের ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক ছিলেন আনোয়ার হোসেন মাহবুব। ২০১৬ সালে কারা হেফাজতে থাকাকালে তিনি অসুস্থ হন। পরে সেখান থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার অসুস্থ স্ত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন- এ সংবাদ পাওয়া মাত্রই তার চিকিৎসার খোঁজ নিতে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দেন।
পরে ডা. পারভেজ রেজা কাকন ও ডা. শাহ মু. আমান উল্লাহ হাসপাতালে গিয়ে পাপিয়া আক্তারের চিকিৎসার সার্বিক খোঁজ নেন। তারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়ার আশ্বাস দেন এবং পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ এবং ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ সহ আরও অনেকে।
জানা যায়, আনোয়ার হোসেন মাহবুব লালবাগ থানা বিএনপি’র নেতা ছিলেন। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের আমলে তিনি গ্রেফতার হন। পরে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি মারা যান।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24