
প্রায় দুই সপ্তাহ পর শান্তি আলোচনায় নতুন অগ্রগতির সুস্পষ্ট ইঙ্গিত মিলেছে। এরই অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। শুক্রবার উভয় দেশের সরকার এ তথ্য নিশ্চিত করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে ইসরাইলি ও লেবানিজ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরপরই জানানো হয়, মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইসলামাবাদের উদ্দেশে রওনা হচ্ছেন। এর আগে লেবাননে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।
ট্রাম্প লেবাননে স্থায়ী শান্তির সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করলেও বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের চুক্তি করাটা বেশ জটিল। বিশেষ করে, বিশ্বে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার তাগিদ ক্রমেই বাড়ছে।
পাকিস্তানের সরকারি সূত্র জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার রাতেই ইসলামাবাদে পৌঁছেছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, পাকিস্তানের পর তিনি ওমান ও রাশিয়াও সফর করবেন। সেখানে ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের’ সঙ্গে সাক্ষাৎ করবেন এবং যুদ্ধ অবসানের প্রচেষ্টার ‘সর্বশেষ পরিস্থিতি’ নিয়ে আলোচনা করবেন। তবে মুখপাত্র মার্কিন প্রতিনিধিদের সঙ্গে নতুন আলোচনার কোনো উল্লেখ করেননি।
অন্যদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, উইটকফ ও কুশনার পাকিস্তানে যাচ্ছেন ‘ইরানি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায়’ অংশ নিতে।
তিনি বলেন, ‘প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে ইরানই এই সরাসরি বৈঠকের অনুরোধ জানিয়েছে। আশা করি এই আলোচনা একটি চুক্তির দিকে এগিয়ে যেতে সাহায্য করবে।
ইরান-যুক্তরাষ্ট্র-অচলাবস্থা
লেভিট জানান, প্রথম দফা আলোচনায় নেতৃত্ব দেওয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবার যাচ্ছেন না। তবে প্রয়োজন হলে তিনি যেতে প্রস্তুত আছেন।
ইসলামাবাদে প্রথম দফা আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল। এরপর থেকে দুই পক্ষকে আবার আলোচনার টেবিলে আনার প্রচেষ্টা অচলাবস্থায় পড়েছে। ইরানের বন্দরে মার্কিন অবরোধ বহাল থাকায় দেশটি আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
ইরান নিজেও হরমুজ প্রণালিতে কার্যত অবরোধ আরোপ করেছে। বর্তমানে খুব সীমিত সংখ্যক জাহাজ এই জলপথ দিয়ে চলাচল করতে পারছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি করেছে।
নতুন শান্তি আলোচনার সম্ভাবনায় প্রণালিতে তেহরানের বাণিজ্য বাধার অবসান হবে-এমন আশায় শুক্রবার তেলের দাম কিছুটা কমেছে।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা শুক্রবার বলেন, প্রণালিটি ‘অবিলম্বে কোনো বিধিনিষেধ এবং টোল ছাড়াই খুলে দিতে হবে। কারণ এটি পুরো বিশ্বের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এর আগে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে কোনো তাড়া নেই বলে ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। তিনি জানান, ‘আমার হাতে অফুরন্ত সময় আছে, কিন্তু ইরানের হাতে নেই।’
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ বিমানবাহী রণতরী সম্প্রতি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এতে অঞ্চলটিতে মোতায়েন এই বিশালাকার রণতরীর সংখ্যা তিনটিতে দাঁড়াল।
লেবাননে হামলা অব্যাহত
লেবাননে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা সত্ত্বেও, শুক্রবার তুলিন এলাকার কাছে ইসরাইলি হামলায় দুজন নিহত হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
এছাড়া বিন্ট জেবাইলে সংঘর্ষ ও পরবর্তী হামলায় ছয়জন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24