জাকির হোসেন, পিরোজপুরঃ
পিরোজপুর সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়া দুটি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ ক্ষতিগ্রস্ত পরিবার দুটির মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।
সম্প্রতি উপজেলার উত্তর ভাইজোড়া এলাকার মো. মোশারফ শেখ এবং মিরাজ শেখের কালবৈশাখী ঝড়ে বসতঘরের ওপর বিশাল গাছ উপড়ে পড়লে ঘর দুটি পুরোপুরি বিধ্বস্ত হয়। এতে পরিবার দুটি খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই পিরোজপুর জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ।পরিবার দুটির মানবেতর অবস্থা দেখে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়।
সরকারি সহায়তার অংশ হিসেবে প্রতিটি পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা, ঘর পুনরায় নির্মাণের জন্য প্রয়োজনীয় সংখ্যক ঢেউটিন, শুকনো খাবার এবং কম্বল প্রদান করা হয়।
সহায়তা পেয়ে মো. মোশারফ শেখ আবেগপ্লুত কণ্ঠে বলেন, "হঠাৎ ঘরটা ভেঙে যাওয়ায় আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় ইউএনও স্যার নিজে এসে আমাদের খোঁজ নিয়েছেন এবং ঘর করার জন্য টাকা ও টিন দিয়েছেন। এখন আমরা আবার থাকার জায়গা তৈরি করতে পারব।"
এ বিষয়ে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ বলেন, "জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমরা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবার দুটির পাশে দাঁড়িয়েছি। বিপদগ্রস্ত মানুষের সেবা করাই প্রশাসনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে আমাদের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।"
প্রশাসনের এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পুনরায় ঘুরে দাঁড়ানোর সাহস পেয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সচেতন মহল।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24