আন্তর্জাতিক ডেস্ক: গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর উড়ে আসা ইরানের দুটি ড্রোনে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা দাবি করেছে, এসব ড্রোন হরমুজে জাহাজ চলাচলকে হুমকির মুখে ফেলছিল।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেনটকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
সেনটকমের বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে মোতায়েনরত মার্কিন বাহিনী আন্তর্জাতিক নৌ-যান চলাচলের জন্য হুমকি হয়ে ওঠা ইরানের দুটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ (আত্মঘাতী ড্রোন) সফলভাবে ভূপাতিত করেছে। তবে হরমুজ প্রণালীর ঠিক কোন অংশে এই অভিযান চালানো হয়েছে, তা নির্দিষ্ট করে বলা হয়নি।
মার্কিন সামরিক প্রশাসন সাফ জানিয়েছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরানের যেকোনো ধরনের বৈরী আচরণ ও আগ্রাসন প্রতিরোধে তাদের বাহিনী সার্বক্ষণিক উচ্চ সতর্কাবস্থায় (হাই অ্যালার্ট) রয়েছে এবং তারা নৌ-পথের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।
উল্লেখ, হরমুজ প্রণালীতে ড্রোন ভূপাতিত করার ঘটনা এটিই প্রথম নয়। এর মাত্র এক দিন আগেই (শুক্রবার) একই এলাকায় আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের ওপর বড় ধরনের হুমকির সৃষ্টি করায় আরও ৪টি ইরানি ড্রোন ধ্বংস করেছিল মার্কিন বাহিনী। এর জবাবে মার্কিন সেনারা ইরানের উপকূলীয় নজরদারি রাডার স্টেশনগুলোতেও পাল্টা হামলা চালায়। গত শুক্রবার ও শনিবার মিলিয়ে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মোট ৬টি ইরানি ড্রোন ভূপাতিত করার এই ঘটনা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যের বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24