রুহুল আমিন রুকু ,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জজকোর্টের আইনজীবী তারিকুর রহমান তারিক ও গৃহিণী শাহিনা আক্তারের যমজ তিন কন্যা—তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান—২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে কুড়িগ্রামের শিক্ষাঙ্গনে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
জানা যায়, ২০২৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে।
পরিবার ও শিক্ষকদের মতে, ছোটবেলা থেকেই তিন বোন অত্যন্ত মেধাবী, শান্ত-শিষ্ট ও অধ্যয়নপ্রিয়। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলাবোধ এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার ফলেই তারা এ সাফল্য অর্জন করেছে।
বর্তমানে তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে এবং তাবিয়া রহমান কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।
তিন বোনের এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সন্তানের এমন অর্জনে গর্ব প্রকাশ করে বাবা-মা সকলের কাছে তাদের জন্য দোয়া কামনা করেছেন। পাশাপাশি তারা মহান আল্লাহর কাছে কন্যাদের উত্তম জ্ঞান, নৈতিক মূল্যবোধ এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বলেন, "যমজ তিন শিক্ষার্থীর জন্য আন্তরিক শুভকামনা। তারা ভবিষ্যতেও আরও ভালো ফলাফল অর্জন করবে—এটাই আমাদের প্রত্যাশা।"
একই পরিবারের যমজ তিন বোনের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের এই অনন্য সাফল্য কেবল তাদের পরিবারের জন্যই নয়, কুড়িগ্রামের শিক্ষা অঙ্গনের জন্যও গর্ব ও অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24