
প্রতিযোগিতায় অংশ নিতে কানাডা সফরে গিয়ে কিউবার ১২ সদস্যের ক্যানো দলের নয়জন খেলোয়াড় দলত্যাগ করেছেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বৃহস্পতিবার এএফপিকে এ তথ্য জানিয়েছে।
খেলোয়াড়রা ৯ জুলাই শুরু হয়ে ১৬ জুলাই বৃহস্পতিবার শেষ হওয়া মন্ট্রিয়লে অনুষ্ঠিত তৃতীয় ক্যানো স্প্রিন্ট ও প্যারাক্যানো বিশ্বকাপে অংশ নিয়েছিলেন।
হাভানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এ ঘটনায় কিউবার জাতীয় ক্রীড়া ইনস্টিটিউট (ইন্ডার) কিংবা দেশটির ক্যানো ফেডারেশন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগে কিউবার কমিউনিস্ট শাসিত দ্বীপ রাষ্ট্রটি ছেড়ে যাওয়ার ঘটনা দেশটির খেলোয়াড়দের ক্ষেত্রে নতুন নয়।
২০২১ সালের অক্টোবর মাসে কিউবার অনূর্ধ্ব-২৩ বেসবল দল একটি টুর্নামেন্টে অংশ নিতে মেক্সিকো গিয়েছিল। সেবার দলের প্রায় অর্ধেক খেলোয়াড়ই দেশে ফিরে আসেননি।
কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে কিউবা। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানি অবরোধ আরোপ করার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
দেশজুড়ে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। ওষুধ, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানির তীব্র সংকটও চলছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24