জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও দেশপ্রেমের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে কুমিল্লায় বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
শুক্রবার কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্র মিলনায়তনে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং সংলগ্ন গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এরআগে একই কর্মসূচির অংশ হিসেবে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিনটি বিভাগে অংশ নিয়ে নিজেদের সৃজনশীলতা, সাহিত্যচর্চা ও বক্তৃতায় দক্ষতার পরিচয় দেয়।
প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান কামরুল হাসান, জেলা কালচারাল অফিসার এস এম টি কামরান হাসান, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ কাউছারুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমিন, সংগীত শিল্পী ইশতিয়াক আহম্মেদ পল্লব, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, সংস্কৃতি কর্মী ও শিক্ষক এস এ এম আল মামুনসহ অন্যান্যরা।
আয়োজকরা জানান, নজরুলের সাহিত্য, অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবোধ ও দেশপ্রেম সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের পরবর্তীতে পুরস্কৃত করা হবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24