সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃসিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মধ্যপাড়া এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের হামলায় আহত এইচএসসি পরীক্ষার্থী আব্দুর রহমান (১৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে সংঘটিত হামলার পর কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত আব্দুর রহমান রায়গঞ্জ পৌর এলাকার মো. ফিরোজ আহমেদের ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন হাছান শেখ নামের আরও একজন। তিনি বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ১৪ জুলাই রাত প্রায় ৮টার দিকে স্থানীয় বাসিন্দা টিটোন (৪৫) মাদকাসক্ত অবস্থায় বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় আব্দুর রহমান তাকে বাধা দিলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে টিটোন ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রহমান ও হাছান শেখের ওপর হামলা চালালে তারা গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে আব্দুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে বগুড়া এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুর রহমানের মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়িতে যায়। তিনি বলেন, “ঘটনাটি কয়েকদিন আগের হলেও এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ বা এজাহার দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24