জেলায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আজ সোমবার বেলা ১১ টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার।
জেলা প্রশাসক শিক্ষার সার্বিক উন্নয়ন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পাঠদানের মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং বিদ্যালয় ত্যাগের প্রবণতা হ্রাসে করণীয় বিষয়ে প্রধান শিক্ষকদের নির্দেশনা দেন। তিনি প্রাথমিক শিক্ষাকে আরও যুগোপযোগী ও শিক্ষার্থী-কেন্দ্রিক করার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও শিক্ষা অনিমেষ বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো.সালেহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।
সভায় অংশগ্রহণকারী প্রধান শিক্ষকরা মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখতে গ্রহণযোগ্য উদ্যোগ সম্পর্কে মতামত তুলে ধরেন।
সভায় প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও ঝরে পড়া রোধে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। সভা শেষে শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24