নিজস্ব প্রতিবেদকঃঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোহাম্মদপুরের ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুম খান রাজেশ তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে যাচ্ছে।
অ্যাডভোকেট মাসুম খান রাজেশ বলেন, আমি যদি কোনো ধরনের অপরাধ, চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা, কিশোর গ্যাং পরিচালনা, প্লট দখল বা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকি, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অনুসন্ধানী সাংবাদিকরা নিরপেক্ষভাবে তদন্ত করে সত্য উদঘাটন করুন। আমি সব ধরনের তদন্তে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।
তিনি আরও দাবি করেন, একটি চক্র অর্থের বিনিময়ে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তার ভাষায়, রাজনীতিতে মতভেদ ও প্রতিপক্ষ থাকতেই পারে। কিন্তু মিথ্যা তথ্য ছড়িয়ে একজন মানুষের সম্মানহানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে তিনি অভিযোগ করেন, CRIME NEWS MOHAMMADPUR নামে একটি ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে। এ বিষয়ে তিনি সাইবার আইনের আওতায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। একই সঙ্গে ওই আইডিটি কারা পরিচালনা করছে, তা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তদন্তেরও দাবি জানান।
অ্যাডভোকেট মাসুম খান রাজেশ বলেন, আমার পরিবার বহু প্রজন্ম ধরে মোহাম্মদপুর ও রায়েরবাজার এলাকায় বসবাস করছে। এলাকার মানুষ আমাকে এবং আমার পরিবারকে ভালোভাবে চেনে। আমি কখনো কোনো সাধারণ মানুষ, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা এলাকার কারও সঙ্গে চাঁদাবাজি, দখলবাজি বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলাম না।তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে যদি কারও কাছে কোনো সুনির্দিষ্ট ও প্রমাণযোগ্য অভিযোগ থাকে, তাহলে তা প্রকাশ করা হোক। আমি নিজেই উপস্থিত হয়ে বিষয়টির জবাব দিতে প্রস্তুত। আমি অন্যায় করি না এবং অন্যায়কে কখনো প্রশ্রয়ও দিই না।
তিনি দাবি করেন, বিভিন্ন সময় এলাকায় অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একটি অসাধু চক্র তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন।সবশেষে তিনি দেশবাসী ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই-বাছাই করে বিশ্বাস করুন। গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে সবাই বিরত থাকুন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24