মোঃ আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় নিখোঁজ হওয়ার নয় দিন পর কাস্টমসের নিরাপত্তা শাখায় কর্মরত এক সিপাহির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর গ্রামের একটি পুকুর থেকে রবিবার (২ আগস্ট) বিকেলে তিনটি ট্রাভেল ব্যাগ ও একটি বস্তার ভেতর থাকা ১৫ টুকরা গলিত লাশ উদ্ধার করা হয়।
নিহত রাকিব রায়হান তালুকদার (৪০) সোয়াইতপুর গ্রামের মৃত ছিদ্দিক তালুকদারের ছেলে। তিনি ঢাকার কমলাপুরে বাংলাদেশ কাস্টমসের নিরাপত্তা শাখায় সিপাহি হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, রাকিব প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বাড়িতে আসতেন এবং শনিবার কর্মস্থলে ফিরে যেতেন। গত ২৪ জুলাই বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে এবং তার কর্মস্থলে খোঁজ নিয়েও কোনো সন্ধান পাননি। পরে ২৭ জুলাই তার বড় ভাই নুরুল ইসলাম ফুলবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির ভিত্তিতে রবিবার বিকেলে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ সোয়াইতপুর গ্রামের একটি বাড়িতে তল্লাশি অভিযান চালায়। তল্লাশি শেষে পুলিশ সদস্যরা ফিরে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা বাড়ির পেছনের একটি পুকুরে কয়েকটি ট্রাভেল ব্যাগ ভাসতে দেখার বিষয়টি পুলিশকে জানান। একই সঙ্গে ওই স্থান থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল।
পরে পুলিশ পুকুর থেকে তিনটি ট্রাভেল ব্যাগ ও একটি বস্তা উদ্ধার করে। সেগুলো খুলে দেখা যায়, মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ নৃশংসভাবে কেটে আলাদা করে রাখা হয়েছে। পরে স্বজনরা পোশাক ও অন্যান্য আলামতের ভিত্তিতে খণ্ডবিখণ্ড লাশটি রাকিব রায়হান তালুকদারের বলে শনাক্ত করেন।
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই রাকিবের বাড়ির কেয়ারটেকার রাজু মির্জাসহ অজ্ঞাত আরও তিন থেকে চারজন পলাতক রয়েছেন। তদন্তের অংশ হিসেবে উপজেলার অনন্তপুর বাজুয়া নদী এলাকা থেকে রাকিবের ব্যবহৃত মোটরসাইকেলের চাবির রিং উদ্ধার করা হয়েছে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। কেয়ারটেকারসহ পলাতকদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24