পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে জনসচেতনতা তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় অ্যাওয়ার্ড গ্রিনম্যান-২০২৬’ পেয়েছেন গাজী টেলিভিশনের (জিটিভি) বার্তা সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল)। তিনি পরিবেশবাদী সংগঠন মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের (এমজেএন) সাবেক সভাপতি ও ঢাকাস্থ যশোর সাংবাদিক ফোরামের আহ্বায়ক।
গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ আন্দোলন‘ এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়া হয়। পরিবেশ সাংবাদিকতায় অবদানের জন্য প্রতিবছর বিশিষ্ট নাগরিক ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেয় সংগঠনটি।
‘বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান।
বিশেষজ্ঞ আলোচক হিসেবে বক্তব্য দেন নলেজ হাব ইনস্টিটিউট ট্রাস্টের চেয়ারম্যান ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান ও অধ্যাপক ড. মো. ফরহাদুর রেজা, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের নগর পরিকল্পনাবিদ মেহেদী আহসান, জাস্ট এনার্জি ট্রানজিশন-এর ম্যানেজার মো. আবুল কালাম আজাদ এবং সাসটেইনেবল রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও নগর পরিবেশবিদ আবু জোবায়ের।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির, মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী প্রধান আহসান রনি, সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের মহাসচিব মহসিন সিকদার পাভেল, দ্য আম্পায়ার বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান হোসাইন বাবু, মাতৃভূমি গ্রুপের অর্থ পরিচালক মো. ফিরোজ আলম এবং বিএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম রবি প্রমুখ।
অনুষ্ঠানে পরিবেশ সচেতনতা তৈরিতে বিশেষ অবদানের জন্য ৭টি প্রতিষ্ঠান ও বিশিষ্ট নাগরিককে ‘জাতীয় অ্যাওয়ার্ড গ্রিনম্যান-২০২৬’ প্রদান করা হয়। তাদের মধ্যে গণমাধ্যমে পরিবেশ ও জলবায়ু বিষয়ক জনসচেতনতা তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে আরও ২ সাংবাদিকের সাথে এ পুরস্কার পান মাহমুদ সোহেল।
প্রায় ২৩ বছরের সাংবাদিকতা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রিপোর্টিংয়ের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন তিনি। রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন ও ডিজিটাল-প্রায় সব ধরনের গণমাধ্যমে কাজ করেছেন তিনি। দিগন্ত টিভি, এসএটিভি, এটিএন নিউজ ও আজকের পত্রিকায় জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশ টিভির অনলাইন ইনচার্জ এবং জিটিভির ডিজিটাল প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিকতা জীবনে অনুসন্ধানী ও জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিবেদন করতে গিয়ে বিভিন্ন সময়ে মামলা, হয়রানি ও নানা ধরনের চাপের মুখে পড়েছেন মাহমুদ সোহেল। দুর্নীতি বিষয়ক সংবাদ প্রকাশের জেরে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির করা মামলায় একাধিকবার রংপুর আদালতে হাজিরা দিতে হয়েছে তাকে।
নানা প্রতিকূলতা ও পেশাগত চ্যালেঞ্জের মধ্যেও মাঠ পর্যায়ে কাজ এবং সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অবস্থান থেকে সরে আসেননি তিনি। সহকর্মীদের কাছে মাহমুদ সোহেল একজন সাহসী, সৎ ও আপসহীন সাংবাদিক হিসেবে পরিচিত।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24