
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমীন বলেছেন, তারুণ্যের অদম্য শক্তিতে জেগে উঠেছে বাংলাদেশ। তাদের নতুন নতুন ধারণাগুলো গ্রহণ করে মেধাবী জাতি গঠন করতে চায় সরকার।
প্রতিমন্ত্রী গতকাল শুক্রবার রাত ১০ টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান) আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সংসদে তারুণ্যের প্রতিনিধিত্ব অভূতপূর্ব। সরকার ও বিরোধীদলের তরুণ প্রাণ সংসদকে প্রানবন্ত করছেন, রাষ্ট্রীয় নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে রাষ্ট্রের নেতৃত্বে আসীন হবেন, দায়িত্বশীল ভূমিকা পালনে সক্ষম হবেন, রাষ্ট্র উপকৃত হবে।
পড়াশুনার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে হবে শিক্ষার্থীদের। মাদক এবং শারীরিক ও মানসিক নির্যাতনের মত সমাজের দুষ্টু ক্ষতগুলোর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং জনমত তৈরিতে অনায়াসে কাজ করতে পারেন শিক্ষার্থীরা। কারণ ক্যাম্পাসগুলোতে তাদের নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্ক যে কোনো কাজকে সহজ ও সুন্দরভাবে করতে পারে।
ফারজানা শারমীন বলেন, পুসান বিগত ১০ বছর ধরে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাবৃত্তি দিয়ে যাচ্ছে, পাশাপাশি অন্যান্য কাজও করছে। তাদের এই কার্যক্রম বিশেষ করে নেটওয়ার্কিং সারাদেশের জন্যে অনুকরণীয়। শিক্ষার্থীদের অন্যায়ের পথে পরিচালিত করা সম্ভব নয়। তারা মানসিকভাবে পবিত্র। এই অদম্য শক্তিকে সৃজনশীল কাজে নিয়োজিত করে মানবিক রাষ্ট্র গঠন করতে চায় সরকার।
প্রতিমন্ত্রী আরো বলেন, সারাদেশে মাদকের কারণেই বেশীরভাগ অপরাধ হচ্ছে। আইন, পুলিশ আর গ্রেপ্তার করে এ সমস্যার সমাধান সম্ভব নয়। মাদককে নির্মূল করতে হলে সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সমাজিক সচেতনতা সৃষ্টিতে কাজ করছে। তবে সবচেয়ে ভালো ফলাফল সম্ভব, যদি এই সামাজিক সচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীরা ভূমিকা রাখেন। মাদক, সহিংসতা, নির্যাতন ইত্যাদি ইস্যুতে শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোন কর্মসূচির আয়োজন করলে আমরাও ঐ সব কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারি।
পুসানের সভাপতি নওশীন আশরাফি আঁচলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাহানা বেগেম শেলী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রামস্থ নাটোর জেলা সমিতি’র সভাপতি মো. মোখলেসুর রহমান সপু, মিরপুর সায়েন্স কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, মাজার শরীফ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, পুসানের প্রতিষ্ঠাতা তানভীর আনোয়ার, সাবেক সভাপতি মোহাম্মদ জিহাদ হাসান ও সাধারণ সম্পাদক মো. আজিজুল হাকিম।
উল্লেখ্য, ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার ১৮ হাজার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোরের (পুসান) ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে সেবা, সখ্যতা ও শিক্ষা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। বর্তমানে সংগঠনটি ৩৯ জন শিক্ষার্থীকে মাসে ২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24