
দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে ঝিনাইদহে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এক সেমিনার আজ অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আয়োজিত সেমিনারে জেলার বিভিন্ন এলাকার বিদেশে গমনেচ্ছু তরুণ-যুবকরা অংশ নেন।
শনিবার বেলা ১১টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এম এ মজিদ।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঝিনাইদহের অধ্যক্ষ মো. রুস্তম আলীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল।
সেমিনারে বক্তারা বলেন, কাজের উদ্দেশ্যে বিদেশে গমনেচ্ছু কর্মীদের দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। যেকোনো কাজের ওপরে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জন করে বিদেশে গেলে সফলতা আসবেই। দক্ষতার অভাবে আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের অনেকেই বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত মজুরি পান না। কাজেই, দেশের বাইরে কাজের জন্য যেতে হলে হাতে কলমে প্রশিক্ষণ নেয়া জরুরি।
বক্তারা আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সের ওপরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ভর করে। যে কারণে, প্রবাসী কর্মীদের নানা কাজের ওপর প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে সরকার।
এসময় দক্ষ জনশক্তি রপ্তানি ও বৈধ পথে বৈদেশিক মুদ্রা দেশে পাঠানোর ক্ষেত্রে বিদেশে গমনেচ্ছু ও সংশ্লিষ্ঠদের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান বক্তারা।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24