
দক্ষিণ কোরিয়ার তৈরি কে২৩৯ চুনমু মাল্টিপল রকেট লঞ্চার কিনবে ক্রোয়েশিয়া। এ জন্য দেশটি ব্যয় করবে ৫৪৪ মিলিয়ন ইউরো, যা প্রায় ৬৩২ মিলিয়ন মার্কিন ডলার।
ক্রোয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রকেট লঞ্চারগুলোর পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম ও সংশ্লিষ্ট বিভিন্ন সামরিক ব্যবস্থা সংগ্রহ করা হবে। ২০২৯ সালের মধ্যে এসব সরঞ্জাম হাতে পাওয়ার কথা রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা হিনা জানিয়েছে, ক্রোয়েশিয়া মোট ১৮টি রকেট লঞ্চার কিনবে।
কে২৩৯ চুনমু একটি আধুনিক ও মডুলার মাল্টিপল রকেট লঞ্চার ব্যবস্থা। এতে বিভিন্ন ধরনের রকেট ব্যবহার করা যায়। এর মধ্যে ১৩০ মিলিমিটার ও ২৩৯ মিলিমিটার ক্যালিবারের রকেটও রয়েছে।
ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ বলেছেন, ২০২১ সালে ১২টি ফরাসি রাফাল যুদ্ধবিমান কেনার পর এটি ১৯৯০-এর দশকে স্বাধীনতার যুদ্ধের পর দেশটির সেনাবাহিনী আধুনিকায়নে অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ বিনিয়োগ।
তিনি আরও বলেন, ‘প্রথমবারের মতো আমরা অনেক দূরের লক্ষ্যবস্তুতে দ্রুত ও নিখুঁতভাবে আঘাত হানার সক্ষমতা অর্জন করছি।’
প্লেনকোভিচ আরও বলেন, ক্রোয়েশিয়া কারও জন্য হুমকি তৈরি করতে নয়, বরং সম্ভাব্য হুমকি মোকাবিলা ও প্রতিরোধ, দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং ইউরোপের সম্মিলিত নিরাপত্তা ও প্রতিরক্ষায় অবদান রাখার জন্য সামরিক সক্ষমতা বাড়াচ্ছে।
এর আগে, ক্রোয়েশিয়া যুক্তরাষ্ট্রের তৈরি আটটি এইচআইএমএআরএস বা হিমার্স রকেট লঞ্চার কেনার চুক্তি করেছে। যেগুলোর সরবরাহ ২০২৮ সালে হওয়ার কথা রয়েছে।
ক্রোয়েশিয়া ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন— উভয়ের সদস্য।
২০২৫ সালে দেশটি প্রতিরক্ষা খাতে তার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ০৮ শতাংশ ব্যয় করেছে। ওই বছর প্রতিরক্ষা খাতে ব্যয়ের পরিমাণ ছিল ১ দশমিক ৯৩ বিলিয়ন ইউরো।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24