
লুয়ান ড্রে প্রিটোরিয়াসের দুর্দান্ত সেঞ্চুরি ও কনর এস্তেহেইজেনের বিধ্বংসী ইনিংসের সুবাদে জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
গতরাতে লিগ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১১ রানে হারিয়েছে স্বাগতিক নামিবিয়াকে।
৪ ম্যাচে প্রোটিয়ারা ৬ ও জিম্বাবুয়ে ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। সমান ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে ত্রিদেশীয় সিরিজের আয়োজক নামিবিয়া। আগামী ৬ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
উইন্ডহুকে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭০ বলে ১৫৬ রানের সূচনা করেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার প্রিটোরিয়াস ও এস্তেহেইজেন। এরমধ্যে ৬ চার ও ৮ ছক্কায় ৪০ বলে ৮৮ রানে তুলে প্রথম ব্যাটার হিসেবে আউট জন এস্তেহেইজেন।
এস্তেহেইজেন না পারলেও ৫২ বলে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির দেখা পান প্রিটোরিয়াস। দক্ষিণ আফ্রিকার সর্ব কনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে সতীর্থ ডেওয়াল্ড ব্রেভিসের রেকর্ড ভাঙেন তিনি। ২০ বছর ১৬১ দিন বয়সে দক্ষিণ আফ্রিকার হয়ে সেঞ্চুরি করলেন প্রিটোরিয়াস। গত বছর ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ বছর ১০৫ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন ব্রেভিস।
শেষ পর্যন্ত ৫৩ বল খেলে ৫টি চার ও ৮টি ছক্কায় ১০১ রানে থামেন প্রিটোরিয়াস।
মিডল অর্ডারে রুবিন হারমানের ২১ বলে ২৬ রানের সুবাদে ২০ ওভারে ৪ উইকেটে ২২৮ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। নামিবিয়ার জান বল্ট ২ উইকেট নেন।
২২৯ রানের পাহাড় টপকাতে দারুণ সূচনা করেন নামিবিয়ার দুই ওপেনার লরেন স্টিনক্যাম্প ও ইয়ান ফ্রাইলিঙ্ক। ৬৫ বলে ১১৯ রান যোগ করেন তারা।
৬টি চার ও ৫টি ছক্কায় ৩৬ বলে ৭২ রানে থামেন ফ্রাইলিঙ্ক। ১৬ ওভার শেষে দলীয় ১৬৭ রানে আহত অবসর নেন স্টিনক্যাম্প। ঐ সময় ২৪ বলে ৬২ রান দরকার ছিল নামিবিয়ার।
কিন্তু ডেথ ওভারে ৫০ রানের বেশি তুলতে পারেনি নামিবিয়া। ২০ ওভারে ৩ উইকেটে ২১৭ রান পর্যন্ত যেতে সক্ষম হয় দলটি। পরের দিকে অধিনায়ক জেরার্ড ইরাসমাস ৩০ ও রুবেন ট্রাম্পেলম্যান ২১ রান করেন। দক্ষিণ আফ্রিকার নকোবানি মোকোয়েনা ২ উইকেট নেন। ম্যাচ সেরা জন প্রিটোরিয়াস।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24