
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘এমপাওয়ারিং ক্যাম্পাস জার্নালিস্ট : এআই, ডেটা-ড্রাইভেন ইনভেস্টিগেশন, ফিচার রাইটিং অ্যান্ড ডিজিটাল এথিকস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (শনিবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
তিনি বলেন, ‘আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটাভিত্তিক অনুসন্ধান, বস্তুনিষ্ঠ ফিচার রাইটিং এবং ডিজিটাল এথিকস বজায় রাখা অত্যন্ত জরুরি। ক্যাম্পাস সাংবাদিকদের পেশাগত মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অধ্যাপক ড. খায়রুল আরও বলেন, বর্তমানে বিভিন্ন মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। আপনাদের মাধ্যমে যখন কোনো তথ্য প্রচারিত হয়, তখন মানুষ সেটিকে বিশ্বাস করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদ আর গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মধ্যে পার্থক্য রয়েছে। তাই দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও তথ্যের সত্যতা নিশ্চিত করে সংবাদ পরিবেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সালমা আখতার।
স্বাগত বক্তব্য দেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হামিদ।
সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন আল জাজিরার বাংলাদেশ প্রতিনিধি মউদুদ আহমেদ সুজন, প্রথম আলো ডিজিটালের ম্যানেজার (বিজনেস) খায়রুল বাশার এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফয়জুল্লাহ ওয়াসিফ।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ক্যাম্পাস প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24