নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লার লাকসাম উপজেলার লাকসাম (পূর্ব) ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিংহভাগ ভোটারের সুবিধা ও নিরাপত্তাকে উপেক্ষা করে দীর্ঘদিনের প্রচলিত ভোটকেন্দ্র পরিবর্তনের অভিযোগ উঠেছে। এলাকার সাধারণ ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে সুপরিসর ও নিরাপদ ‘দক্ষিণ নরপাটি জামেয়া ইসলামিয়া জুলকারনাইন মাদ্রাসা’-কে পুনরায় ভোটকেন্দ্র হিসেবে পুনর্বহালের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে মো. সায়মন খানসহ স্থানীয় প্রতিনিধিরা।
কেন জুলকারনাইন মাদ্রাসা কেন্দ্রটি জরুরি? লিখিত আবেদন ও স্থানীয় সূত্রে জানা যায়, লাকসাম (পূর্ব) ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ১২৪ জন। এর মধ্যে কেবল দক্ষিণ নরপাটিতেই রয়েছেন ২ হাজার ২০৩ জন ভোটার। বাকি ভোটারদের মধ্যে দাসপাড়ায় ৪৭৪ জন এবং পশ্চিম সাহেব পাড়ায় ৪৪৭ জন।বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে মোট ভোটারের এই বিশাল অংশ (২,২০৩ জন) অত্যন্ত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে ‘দক্ষিণ নরপাটি জামেয়া ইসলামিয়া জুলকারনাইন মাদ্রাসা’ কেন্দ্রে ভোট দিয়ে আসছেন। এই প্রতিষ্ঠানটির রয়েছে সুপরিসর মাঠ, উন্নত যাতায়াত ব্যবস্থা এবং নারী-পুরুষ উভয়ের জন্যই নিরাপদ পরিবেশ— যা একটি আদর্শ ভোটকেন্দ্রের জন্য অপরিহার্য।
নতুন কেন্দ্র নিয়ে শঙ্কা ও অভিযোগ এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তার স্বাক্ষরে প্রকাশিত ভোটকেন্দ্রের তালিকায় অধিকাংশ ভোটারের মতামত ও সুবিধাকে তোয়াক্কা করা হয়নি। স্বার্থান্বেষী মহলের ইশারায় এবং রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে ‘নরপাটি আইডিয়াল স্কুল’ নামে একটি নতুন প্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
নতুন ঘোষিত এই কেন্দ্রটিতে যাতায়াতের পর্যাপ্ত সুবিধা নেই, মাঠ পরিসরে ছোট এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থাও অপ্রতুল। মাত্র ৯০০ ভোটারের কথা বিবেচনা করে ২ হাজার ২০৩ জন মূল ভোটারকে চরম দুর্ভোগের মুখে ঠেলে দেওয়া হয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, এই হটকারী সিদ্ধান্তের ফলে সাধারণ ভোটারদের মধ্যে অনাগ্রহ তৈরি হবে এবং ভোট কাস্টিংয়ের হার মারাত্মকভাবে কমে যাবে।
পাশাপাশি দুই কেন্দ্র: সংঘাতের চরম ঝুঁকি নতুন ঘোষিত ‘নরপাটি আইডিয়াল স্কুল’ কেন্দ্রটি নিয়ে সবচেয়ে বড় আতঙ্কের কারণ হলো এর অবস্থান। আবেদনকারীরা জানান, এই স্কুলটি পার্শ্ববর্তী ২ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র ‘নরপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর একেবারে ঘেঁষে অবস্থিত। নির্বাচনের দিন একই স্থানে পাশাপাশি দুটি কেন্দ্রের হাজার হাজার ভোটারের উপস্থিতি ও ভিড় তৈরি হবে। এতে করে বড় ধরনের বিশৃঙ্খলা, উত্তেজনা এবং অনাকাঙ্ক্ষিত সহিংসতার চরম আশঙ্কা রয়েছে।
এলাকাবাসীর দাবি এ অবস্থায় সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সংঘাত এড়াতে দ্রুত সরেজমিনে এলাকা পরিদর্শন ও গণশুনানির দাবি জানিয়েছেন স্থানীয়রা।জনস্বার্থে তদন্তপূর্বক অবিলম্বে ‘দক্ষিণ নরপাটি জামেয়া ইসলামিয়া জুলকারনাইন মাদ্রাসা’ কেন্দ্রটিকে পূর্বের ন্যায় পুনর্বহাল করার জোর দাবি জানানো হয় আবেদনে।
প্রধান নির্বাচন কমিশনার বরাবর করা এই আবেদনে এলাকাবাসীর পক্ষে স্বাক্ষর করেছেন মো. সায়মন খান, জামাল হোসেন, জাকির হোসেন খান, আবুল হাশেম ও আতাউর রহমান খান। আবেদনের অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, নির্বাচন কমিশন সচিব, কুমিল্লার জেলা প্রশাসক এবং আঞ্চলিক ও উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24