সিটিজেন নিউজ ডেস্ক: দাম্পত্য জীবন সুখী রাখতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়, প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া ও মানিয়ে নেওয়ার মানসিকতা। বলিউড তারকা শাহরুখ খান দীর্ঘদিনের সম্পর্ককে কীভাবে আরও সুন্দর রাখা যায়, সে বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। তিনি মনে করেন, দুজনকেই একে অপরের জন্য কিছুটা বদলাতে এবং মানিয়ে নিতে হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আস্ক মি এনিথিং’ পর্বে এক নেটাগরিক শাহরুখকে প্রশ্ন করেন, দাম্পত্য জীবন সুখী রাখার রহস্য কী? উত্তরে শাহরুখ বলেন, ‘একে অপরের রঙে রঙিন হয়ে উঠুন। একে অপরকে সুখী করার জন্য দুজনেই অল্পবিস্তর মানিয়ে নিন।’
শাহরুখের এই কথার অর্থ শুধু নিজের পছন্দ ছেড়ে দেওয়া নয়।
বরং সম্পর্কের ক্ষেত্রে দুজনের পছন্দ, অভ্যাস ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার কথাই বলেছেন তিনি। কারণ একই ছাদের নিচে বসবাস করলেও দুজন মানুষ আলাদা। তাঁদের চিন্তাভাবনা, অভ্যাস কিংবা জীবনযাপনের ধরন এক না হওয়াটাই স্বাভাবিক।
একজন হয়তো অবসর সময়ে একা থাকতে পছন্দ করেন, অন্যজন আবার সঙ্গীর সঙ্গে গল্প করতে বা সময় কাটাতে ভালোবাসেন।
কেউ ছুটির দিনে ঘুরতে যেতে চান, অন্যজন হয়তো বাড়িতে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। এমন ছোটখাটো পার্থক্য নিয়ে প্রতিদিন বিরোধে না গিয়ে পরস্পরের পছন্দকে সম্মান করাই সম্পর্ককে সহজ করে।
তবে মানিয়ে নেওয়ার অর্থ নিজের সব ইচ্ছা কিংবা ব্যক্তিসত্তা বিসর্জন দেওয়া নয়। একটি সুস্থ সম্পর্কে দুজনেরই নিজের মতো থাকার সুযোগ থাকা প্রয়োজন। একজন সব সময় ছাড় দেবেন আর অন্যজন শুধু নিজের সুবিধা দেখবেন—এমন সমীকরণে সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে পারে।
জীবনের পরিস্থিতি অনুযায়ী অবশ্য এই ভারসাম্যে কিছুটা পরিবর্তন আসতে পারে। সঙ্গী অসুস্থ হলে, কাজের চাপ বাড়লে কিংবা কোনো কঠিন সময় এলে একজনকে হয়তো অন্যজনের চেয়ে বেশি দায়িত্ব নিতে হতে পারে। সেই সময়ে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়াই সম্পর্ককে আরো শক্ত করে।
দীর্ঘদিন একসঙ্গে থাকলে একজনের প্রভাব অন্যজনের ওপর পড়াও স্বাভাবিক। খাবারের পছন্দ, পোশাকের ধরন, কথা বলার ভঙ্গি, ঘুরতে যাওয়ার জায়গা কিংবা অবসর কাটানোর অভ্যাস—অনেক কিছুতেই সঙ্গীর ছাপ দেখা যেতে পারে। তবে এই পরিবর্তন যেন চাপিয়ে দেওয়া না হয়, বরং স্বাভাবিকভাবেই দুজনের জীবনে জায়গা করে নেয়—সেটিই গুরুত্বপূর্ণ।
শাহরুখের ‘একে অপরের রঙে রঙিন হয়ে উঠুন’ কথাটিও তাই বেশ তাৎপর্যপূর্ণ। সম্পর্কের সৌন্দর্য হয়তো এখানেই—দুজনের আলাদা রং মুছে ফেলা নয়, বরং সেই রংগুলো মিলিয়ে নিজেদের মতো একটি সম্পর্ক তৈরি করা।
শাহরুখ খান ও গৌরী খানের দীর্ঘ দাম্পত্যও ভক্তদের আগ্রহের বিষয়। তাই নিজের অভিজ্ঞতা ও ভাবনা থেকে দাম্পত্য নিয়ে তার এই ছোট্ট পরামর্শ সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24