
দিনাজপুর জেলায় চলতি আমন মৌসুমে লক্ষ্যমাত্রার অতিরিক্ত ১ হাজার ৪৮০ হেক্টর জমিতে আমন ধান চাষ হওয়ায় মোট ২ লক্ষ ৭৩ হাজার ৭৫০ হেক্টর জমিতে আমন ধানের বাম্পার ফলন হয়েছে।
দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আফজাল হোসেন গতকাল সোমবার বাসস’কে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চলতি বছর জেলায় মোট ২ লাখ ৭২ হাজার ২৭০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। মৌসুমের শুরু থেকেই আমন ধান চাষযোগ্য অনুকূল আবহাওয়া থাকায় লক্ষ্যমাত্রার অতিরিক্ত ১ হাজার ৪৮০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা সম্ভব হয়েছে। কোনো প্রকৃতিক দুর্যোগ না হলে এবারে আমন ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভবনা রয়েছে।
কৃষি বিভাগের জানায়, চলতি মৌসুমে ২ লাখ ৭২ হাজার ২৭০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। এরমধ্যে উচ্চ ফলনশীল জাতের ২ লাখ ৩৭ হাজার ৭২০ হেক্টর, হাইব্রিড জাতের ২৫ হাজার ৩৫০ হেক্টর এবং স্থানীয় জাতের ৯ হাজার ২শ’ হেক্টর জমিতে আমন ধান চাষের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এই মৌসুমে প্রায় ৮ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এরমধ্যে অতিরিক্ত ১ হাজার উচ্চ ফলনশীল এবং হাইব্রিড জাতের ৪৮০ হেক্টর জমিতে আমন ধান চাষ বেশী হয়েছে।
কৃষি বিভাগ সূত্র জানায়, জেলার ১৩টি উপজেলাভিত্তিক লক্ষ্যমাত্রার মধ্যে দিনাজপুর সদরে ২৫ হাজার ৫২০ হেক্টর, বিরলে ২৪ হাজার ৭শ’ হেক্টর, বোচাগঞ্জে ১৭ হাজার ৮শ’ হেক্টর, কাহারোলে ১৪ হাজার ৭শ’ হেক্টর, বীরগঞ্জে ২৪ হাজার ৬৫০ হেক্টর, খানসামায় ১৪ হাজার ৪শ’ হেক্টর, চিরিরবন্দরে ২৪ হাজার ৯শ’ হেক্টর, পার্বতীপুরে ২২ হাজার ৭৫০ হেক্টর, ফুলবাড়ীতে ২৪ হাজার ২৫০ হেক্টর, বিরামপুরে ২৪ হাজার ২৫০ হেক্টর, নবাবগঞ্জে ২৪ হাজার ৩৫০ হেক্টর, হাকিমপুরে ১২ হাজার ৬৫০ হেক্টর এবং ঘোড়াঘাটে ১৭ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমন চাষ নির্ধারণ করা হয়েছিল। সব উপজেলাগুলো মিলে ১ হাজার ৪৮০ হেক্টর জমিতে অতিরিক্ত আমন ধান চাষ করা সম্ভব হয়েছে।
সূত্র জানায়, দেশের খাদ্য উৎপাদিত জেলা হিসেবে পরিচিত দিনাজপুরে এবারে কোনো ধরনের বন্যা, প্রাকৃতিক দুর্যোগ না থাকায় আমনের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, এবারে জেলায় আমন ধান চাষযোগ্য বৃষ্টিপাত হওয়ায় ধানের জমিতে পানির সংকট নেই। বর্ষা মৌসুম শেষ হওয়ায় বন্যার আশঙ্কা আর নেই। তিনি বলেন, গত ২৪ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তিনি জেলার বেশ কয়েকটি উপজেলার আমন ধানের ক্ষেত পরিদর্শন করেছেন। এবারে এই জেলায় বাম্পার আমন ধান ফলনের আশা করছেন।
তিনি পরিদর্শনকালে বেশ কিছু সংখ্যাক কৃষকদের সাথে কথা বলে আশস্ত হয়েছেন, এবারে জেলায় আমন ধানের ফলন ভালো হবে। কৃষকরা কৃষি বিভাগের সহযোগিতায় এবারে আমন ধান ক্ষেতে কোনো রোগ-বালাই না থাকায় ভালো আমন ধানের ফলন পাবেন বলে কৃষি বিভাগের উপ পরিচালকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগাম জাতের ধান আগামী কার্তিক মাসের মাঝামাঝি থেকে কাটা-মাড়াই শুরু হবে। অগ্রহায়ণ মাস পুরোটাই ধান কাটা মাড়াই চলবে।
তিনি জানান, দেশের শস্য ভান্ডার বলা হয় এই জেলাকে। দেশের সিংহভাগ ধান উৎপাদন হয়ে থাকে এই জেলায়। চলতি বছর আমন ধানের ভাল ফলন হবে। বিস্তীর্ণ মাঠে শোভা পাচ্ছে সবুজ ধান ক্ষেতের ধান গাছ।
তিনি জানান, এবারে আমন মৌসুমে উন্নত ফলনশীল ও উন্নত জাতের আমন ধান বীজ, যথা সময়ে ধান ক্ষেত্রে সার প্রয়োগ, সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভবনা রয়েছে।
তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে কৃষি বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা ও মাঠ কর্মীরা কৃষকদের অধিক ফলনশীল ধান উৎপাদনে সার্বিক পরামর্শ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন।
সরজমিন মাঠে গিয়ে দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর গ্রামের আদর্শ কৃষক মো. রফিকুল ইসলামের নিকট এবারে আমন ধান চাষের বিষয় জানতে চাওয়া হলে তিনি বলেন, চলতি বছর ধান আবাদ করে আশার মুখ দেখছি। এক দিকে ধানের ফলন ভাল হওয়ার সম্ভবনা রয়েছে। আবার আশা করছি, উৎপাদিত ধান জেলার চাহিদা পূরণ করে জেলার বাহিরে চাহিদা পূরণ করা সম্ভব হবে।
সরজমিন গিয়ে, জেলার চিরিরবন্দর উপজেলার তেতুলিয়া গ্রামের কৃষক নরেন চন্দ্র রায়ের কথা হলে তিনি বলেন, ‘আমি এ বছর আড়াই একর জমিতে আমন ধান চাষ করেছি। এরমধ্যে ২ একর জমিতে উচ্চ ফলনশীল এবং ৫০ শতক জমিতে হাইব্রিড জাতের ধান চাষ করেছি। এখন পর্যন্ত ধানের ক্ষেতে রোগ বালাই নেই এবং খুব ভালো রয়েছে। আশা করছি এবারে ভালো ধানের ফলন ঘরে তুলতে পারবো। সে আশায় ধান ক্ষেতে নিজে পরিচর্যা করে যাচ্ছি’।
দিনাজপুর কৃষি অধিদপ্তর সুত্র জানায়, বিগত সময় জেলায় উৎপাদিত ধানের অর্ধেক এই জেলার খাদ্যের চাহিদা পূরণ করত। এবারে গত ইরি-বোরো মৌসুম এবং চলতি আমন মৌসুমে বাম্পার ধানের ফলন উৎপাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধানের অর্ধেকের বেশি উৎপাদিত চাল দেশের অন্য জেলায় চাহিদা পূরণ করা সম্ভব হবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24