
সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিকস উৎপাদন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে ভারত। এর লক্ষ্য, বিশ্বে প্রযুক্তি খাতের অন্যতম শক্তিশালী দেশে পরিণত হওয়া।
চিপ সংযোজন ও পরীক্ষাকরণ কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘এই দশক ভারতের প্রযুক্তির দশক।’ নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
তবে যুক্তরাষ্ট্র, চীন ও দক্ষিণ কোরিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর উৎপাদন সক্ষমতার সমপর্যায়ে পৌঁছাতে ভারতকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
ভারতের প্রযুক্তি খাতে অগ্রযাত্রা সম্পর্কে জানার মতো পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো।
চিপ: ‘জাতীয় অগ্রাধিকার’
২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত ভারত প্রায় ১৫০ বিলিয়ন ডলারের মাইক্রোচিপ আমদানি করেছে। স্মার্টফোন থেকে শুরু করে অস্ত্রশস্ত্র পর্যন্ত নানা প্রযুক্তিপণ্যে এসব চিপ ব্যবহৃত হয়।
আমদানিনির্ভরতা কমাতে ২০ বিলিয়ন ডলারের বেশি সরকারি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে নয়াদিল্লি।
বর্তমানে পাঁচটি চিপ সংযোজন, পরীক্ষাকরণ ও প্যাকেজিং কারখানায় বাণিজ্যিক উৎপাদন চলছে। এসব প্রকল্পে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মাইক্রন, ভারতের কেইনস, সিডিআইএল ও সুচি সেমিকন এবং ভারত, জাপান ও থাইল্যান্ডের যৌথ উদ্যোগ সিজি সেমি রয়েছে।
তবে এ ধরনের কারখানা পরিচালনায় চিপের মূল উৎপাদন ও গবেষণার মতো দক্ষতার প্রয়োজন হয় না।
এ ছাড়া আরও সাতটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে টাটা ইলেকট্রনিকসের একটি প্রকল্প। প্রতিষ্ঠানটি তাইওয়ানের পিএসএমসির সঙ্গে অংশীদারত্বে গুজরাটে একটি চিপ কারখানা নির্মাণ করছে।
সরকারি হিসাব অনুযায়ী, ২০২৬ সালে ভারতের সেমিকন্ডাক্টর বাজারের আকার প্রায় ৫০ বিলিয়ন ডলার। ২০৩০ সালের মধ্যে তা বেড়ে ১১০ বিলিয়ন ডলারে এবং ২০৩৫ সালের মধ্যে ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
সেমিকন্ডাক্টর উৎপাদন বাড়ানোকে ‘জরুরি জাতীয় অগ্রাধিকার’ হিসেবে দেখছে নয়াদিল্লি।
ইলেকট্রনিকস উৎপাদন-
সরকারি তথ্য অনুযায়ী, ভারতে ইলেকট্রনিকস পণ্যের উৎপাদন ২০১৪-১৫ অর্থবছরের প্রায় ৩১ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০২৪-২৫ অর্থবছরে ১৩৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। দেশটিকে প্রযুক্তিপণ্য উৎপাদনের কেন্দ্রে পরিণত করতে চায় সরকার।
চীনের বাইরে সরবরাহব্যবস্থার বিকল্প গড়ে তুলতে বিভিন্ন কোম্পানি উদ্যোগী হয়েছে। এ কারণে অ্যাপল ও স্যামসাংসহ বিশ্বের বড় বড় উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতে উৎপাদন বাড়িয়েছে।
পাশাপাশি বিভিন্ন প্রণোদনার মাধ্যমে যন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করে দেশীয় সরবরাহব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে নয়াদিল্লি।
ডেটা সেন্টার-
ভারতে বিপুল পরিমাণ ডিজিটাল তথ্য তৈরি হলেও বিশ্বজুড়ে ডেটা সেন্টারের মোট সক্ষমতার মাত্র প্রায় ৩ শতাংশ দেশটির রয়েছে বলে সরকারি হিসাবে উল্লেখ করা হয়েছে।
ডিজিটাল ইন্ডিয়া ফাউন্ডেশন নামের গবেষণা প্রতিষ্ঠানের প্রধান অরবিন্দ গুপ্ত বলেন, বিদ্যমান ব্যবস্থার বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ রয়েছে ভারতের।
সরকারের ভাষ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ৭০ বিলিয়ন ডলারের ডেটা সেন্টার প্রকল্পের নির্মাণকাজ চলছে। এ ছাড়া আরও ৯০ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেওয়া হয়েছে।
এসব প্রকল্পে বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে ভারতের শিল্পগোষ্ঠী রিলায়েন্স ও আদানি এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন, মাইক্রোসফট ও মেটা।
দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী বিশাখাপত্তনম এ খাতের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে ১৫ বিলিয়ন ডলার ব্যয়ে এআই হাব নির্মাণ করছে গুগল।
কর্মীশক্তির সক্ষমতা-
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের দাবি, বিশ্বে চিপ নকশা প্রণয়নের কাজে নিয়োজিত কর্মীদের প্রায় ২০ শতাংশই দেশটির।
প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ভাষ্য অনুযায়ী, গত চার বছরে প্রায় ৭০ হাজার নকশা প্রকৌশলীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এ ছাড়া দেশটির কয়েক শত প্রকৌশল কলেজে সেমিকন্ডাক্টর-সংশ্লিষ্ট বিভিন্ন কোর্স ও প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ করেছে কর্তৃপক্ষ।
গত সেপ্টেম্বরে নয়াদিল্লিতে এক সেমিকন্ডাক্টর সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উদ্দেশে মোদি বলেন, ‘এত বিশাল প্রতিভাবান জনগোষ্ঠী একটি সোনার খনি।’
তবে জাপানের বিনিয়োগ ব্যাংক নোমুরা এশিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কর্মসংস্থানে বড় ধরনের পরিবর্তনের ক্ষেত্রে ভারতকে ‘মূল কেন্দ্র’ হিসেবে দেখছে। দেশটির বিশাল কর্মীশক্তি ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের ব্যাপকতার কারণে এমন মূল্যায়ন করেছে প্রতিষ্ঠানটি।
ভারতে এআই খাতের সম্প্রসারণ কর্মসংস্থান হারানোর আশঙ্কা বাড়িয়েছে। তবে সরকারের প্রত্যাশা, এআই-সংশ্লিষ্ট চাকরির সংখ্যা ২০২৭ সালের মধ্যে প্রায় দ্বিগুণ হয়ে ১২ লাখ ৫০ হাজারে পৌঁছাবে।
কঠিন চ্যালেঞ্জ-
ভারতের উচ্চাভিলাষী পরিকল্পনাগুলোকে প্রতিযোগিতামূলক প্রযুক্তি ব্যবস্থায় রূপ দেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।
গুপ্ত বলেন, ‘প্রযুক্তি খাতের জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি ভারতকে সামাল দিতে হবে।’
তিনি বলেন, এ ক্ষেত্রে ভারতকে তিনটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। সেগুলো হলো, ‘বিশ্ববাজার থেকে মূলধন সংগ্রহ’, ‘বিশ্বের শীর্ষ প্রতিভাবান কর্মীদের আকৃষ্ট করা ও ধরে রাখা’ এবং ‘এসব প্রযুক্তির ভিত্তি হিসেবে প্রয়োজনীয় হার্ডওয়্যার সংগ্রহ করা।’
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24