প্রেম, ভালোবাসা আর একসঙ্গে পথচলার দীর্ঘ এক দশক। যে গল্পের শুরু প্রেম দিয়ে, পরিণতি পেয়েছিল বিয়েতে, সেই গল্পেই এবার নেমেছে যবনিকা। সংগীতশিল্পী প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা
হাশেমের বিচ্ছেদের খবরে মন খারাপ ভক্তদেরও। সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা, জল্পনা-কল্পনা। তবে এতসব আলোচনার ভিড়ে নীরব ছিলেন দুজনই।
সেই নীরবতার মধ্যেই এবার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করলেন শেহতাজ। প্রকৃতির স্নিগ্ধতায় ঘুরে বেড়ানো, বন্য প্রাণীদের ক্যামেরাবন্দি করা আর নিজের হাসিমুখের মুহূর্তগুলো ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।
রোববার (১৮ অক্টোবর) ফেসবুকে প্রকাশ করা ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, দেশের বাইরের কোনো পর্যটনকেন্দ্রে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।
ছবিতে শেহতাজকে বেশ হাসিখুশি দেখালেও, সেই হাসির আড়ালে কী অনুভূতি লুকিয়ে আছে, তা অজানাই। ছবির সঙ্গে দীর্ঘ কোনো ক্যাপশন দেননি তিনি।
শুধু যুক্ত করেছেন একটি উড়ন্ত পায়রার ইমোজি। আর তাতেই ভক্তদের কৌতূহল। কেউ বলছেন, বিচ্ছেদের পর নিজেকে নতুন করে গুছিয়ে নিচ্ছেন শেহতাজ। কেউবা প্রশংসা করছেন তার মানসিক দৃঢ়তার।
গত ৫ অক্টোবর রাতে সামাজিক মাধ্যমে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের সিদ্ধান্ত জানান প্রীতম হাসান ও শেহতাজ। পাঁচ বছরের প্রেমের পর ২০২২ সালের অক্টোবরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিয়ে করেছিলেন তারা।
দীর্ঘ এক দশকের সম্পর্কের ইতি টানলেও, একসঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার জন্য একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুজন। জানিয়েছেন, আলাদা পথে হাঁটলেও পারস্পরিক সম্মান ও শুভকামনা বজায় থাকবে সব সময়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24