বান্দরবানে কুকুরের কামড়ে একদিনে শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বালাঘাটা লেমুঝিরি ও উজানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও আহতরা জানান, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বালাঘাটা উজানীপাড়া ও সদর উপজেলার লেমুঝিরি এলাকায় পাগলা কুকুর রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচারীদের কামড় দেয়। এ সময় যারা কুকুরটিকে ধাওয়া করে সবাইকে কুকুরটি কামড় দিয়ে দেয়। এভাবে বিভিন্ন পাড়ায় ১৭ জনকে কামড় দিয়ে আহত করে কুকুর।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের এন্টি র্যাভিস ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তৌহিদুল আনোয়ার বলেন, ‘কুকুরের কামড়ে এ পর্যন্ত ১৭ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। ১৬ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমাদের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। কেউ আহত হলে তারা হাসপাতালে ভ্যাকসিন নিতে পারবেন।
উল্লেখ্য, গত তিন মাসে সদর হাসপাতালে কুকুরের কামড়ে আহত ২৯৫ জনকে এন্টি র্যাবিস ভ্যাকসিন দেয়া হয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24